বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ২০:১৮

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৪ 

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ চার পাচারকারীকে চট্টগ্রামের বহিঃনোঙর থেকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালায়। 

অভিযানে, অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট হতে একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরের সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং ও কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।