বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৯:১৫

অধস্তন আদালতে বিচারক আইনজীবীদের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাক বিষয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাকের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে দেশের সকল অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরিধান করবেন, সেক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই। আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন, সেক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।’

এ নির্দেশনা আজ হতে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।