শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে আজ অবৈধভাবে মজুতকৃত ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সোমবার আগারগাঁও ও মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পাশের একটি অবৈধ স্থাপনা থেকে ৫০ লিটার এবং গড়ান চটবাড়ী এলাকায় রাস্তার পাশের দুটি অবৈধ স্থাপনা থেকে আরও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। স্থাপনার মালিকদের পাওয়া না যাওয়ায় সেগুলো ভেঙে দেওয়া হয়।
জব্দকৃত ১৫০ লিটার ডিজেল পার্শ্ববর্তী ইস্ট-ওয়েস্ট ফিলিং স্টেশন-১ এ ডিপো মূল্যে (প্রতি লিটার ৯৬.৩৯ টাকা) মোট ১৪ হাজার ৫৫৯ টাকায় বিক্রি করা হয়। এ অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অন্যদিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত ‘চায়ের দোকানেও মিলছে অকটেন’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে ঢাকার বাসাবো এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে কমল মটরস ও ফয়সাল মবিল অয়েল নামে দুটি প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৬৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত এ ডিজেল নিকটস্থ এইচটিএস রিফুয়েলিং (প্রা.) লিমিটেড ফিলিং স্টেশনে ডিপো মূল্যে (প্রতি লিটার ৯৬.৩৯ টাকা) মোট ৬২ হাজার ৬৫৩ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, অবৈধ মজুতের দায়ে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।