বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ২২:১৫

সায়েদাবাদ ও টিকাটুলি এলাকায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএমপি

ছবি; সংগৃহীত

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ আজ রাজধানীর সায়েদাবাদ ও টিকাটুলি এলাকায়  অভিযান পরিচালনা করে ২১টি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়েদাবাদ বাস টার্মিনালের ভিতরে থাকা অবৈধ ২১টি দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে কোনো আর্থিক জরিমানা ও গ্রেফতার করা হয়নি।

এছাড়া, সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর টিকাটুলি থেকে হাটখোলা এলাকায় অবৈধ দোকানপাট ও বাস কাউন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। এ অভিযানে ওই এলাকায় অবৈধ দোকানপাট সরিয়ে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে এবং অবৈধ বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।