শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশে হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে আরও পাঁচজন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারাদেশে নতুন করে ১,২৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৮০ জন।
বিজ্ঞপ্রিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১,০৯৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৮,৫৩৪ জন।
গত ১৫ মার্চ এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে; যেখানে মোটা আক্রান্ত হয়েছে ৩,৬৫২ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৬ হাজার ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।