শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)। এ উপলক্ষে ঘরোয়াভাবে দোয়ার আয়োজন করেছেন দলটির নেতাকর্মীরা।
বিজেপির বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত নাজিউর রহমানের ছেলে আন্দালিভ রহমান পার্থ তার ফেসবুকে লেখেন, আজ ৬ই এপ্রিল, আমার বাবার ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তিনি বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন,আল্লাহ যেন মরহুমকে বেহেশত নসীব করেন। “রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা”
নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালের ৩০শে জুন ভোলার ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
তিনি জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের দায়িত্বও পালন করেন। ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। নাজিউর রহমান মঞ্জু এলজিইডি মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।
২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যাজনিত কারণে মাত্র ৬০ বছর বয়সে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোলায় ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির জেলা সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ।
নাজিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১০ এপ্রিল দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সেখানে তার ছেলে ভোলা-১ আসনের এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।