বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ২৩:১৫

ডিএমপির সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় অভিযানে আইন অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ জনকে গ্রেফতার এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

অপরদিকে, যাত্রাবাড়ী জোনে জুরাইন ও শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১১ জন ব্যবসায়ীকে সাড়ে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫ টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শাহআলী এলাকায় পরিচালিত অভিযানে ১৭ টি দোকান ৮০ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ অভিযানে একজনকে গ্রেফতার ও বিভিন্ন দোকানে মোট ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান চালিয়ে ৬ টি অবৈধ দোকানের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। 

ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মহাখালী আড়ং ও গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসার দায়ে ৪টি দোকানের মালিককে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং প্রত্যেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যদের সতর্ক করা হয়।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে ডিএমপি।