বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৫:২৯

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা জাহাজ চট্টগ্রামের ডলফিন জেটিতে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে আসা ১৮৪ দশমিক ৯৫ মিটার লম্বা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের ট্যাংকার জাহাজটি খালাসের জন্য চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে।

রোববার (৫ মে) বেলা ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে ভিড়ানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

চীনের পতাকাবাহী জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশ) ১০ মিটারের বেশি থাকায় সরাসরি কর্ণফুলী নদীর বন্দর জেটিতে আনা যায়নি। কারণ ডলফিন জেটিতে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আনা হয়। তাই নিয়ম অনুযায়ী বহির্নোঙরে চারটি ছোট ট্যাংকার জাহাজে খালাস করা হয়েছে ৭ হাজার ৭২৭ টন ডিজেল। 

তারপর বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে শক্তিশালী টাগবোটের সহায়তায় রোববার বেলা ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে ভিড়ানো হয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে পৌঁছে। এরপর ড্রাফট কমানোর জন্য চার ট্রিপ লাইটারিং করা হয়েছে। 

তিনি বলেন, রোববার দুপুরে জাহাজটি ডলফিন জেটিতে ভিড়েছে। আশা করি, দুই দিনের মধ্যে জাহাজে থাকা বাকি ডিজেল খালাস হয়ে যাবে।

তিনি জানান, ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা অপর জাহাজটি রোববার ডলফিন জেটি ছেড়ে গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।