বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৫:১১
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৫:২৫

কেরানীগঞ্জে আগুন: আহতদের ১৫ হাজার টাকা করে ঢাকা জেলা প্রশাসনের সহায়তা

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জিসান ও আসিফ মোল্লাকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন।

এই ঘটনায় আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (৫ এপ্রিল) জেলা প্রশাসক রেজাউল করিমের নির্দেশে আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক।

রোববার (৫ এপ্রিল) ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাঈফুল্লাহ মজুমদার বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন বলেন, কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জিসান ও আসিফ মোল্লাকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও বাকি লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদের পরিবারকে মানবিক সহায়তার আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

উল্লেখ, শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।