শিরোনাম

ময়মনসিংহ, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আগামী ২৫ মে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেন, এবারের আয়োজনকে ভিন্ন মাত্রায় ও নান্দনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে ত্রিশালের নজরুল অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
ঐতিহ্যগতভাবে ময়মনসিংহ শিল্প-সংস্কৃতিতে একটি সমৃদ্ধ অঞ্চল উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে বিকশিত করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে ছোটবেলা থেকেই সংস্কৃতির সঠিক মূল্যবোধ গড়ে তুলতে স্কুল-কলেজ পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রায় দুই দশক পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে।
বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং জন্মজয়ন্তীর আয়োজনকে সফল করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।