বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:২৭

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টায় যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজারের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৫০ ও ৬০ বছর বয়সী দুইব্যক্তি নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক রাত ২ টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ খায়রুল ইসলাম বাসস’কে জানান, ‘দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।’ পরে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি জব্দ করে চালককে আটক করে, জানান তিনি।

ডিএমসিএইচ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরেকটি পৃথক ঘটনায় রাজধানীর ওয়ারী এলাকায় বঙ্গভবনের সামনে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

ওয়ারী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মইন উদ্দিন জানান, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।