শিরোনাম

ময়মনসিংহ, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
আজ শুক্রবার বিকেলে নগরীর শিকারীকান্দায় এ উপলক্ষ্যে মঞ্চ নির্মাণ ও অতিথিদের আসন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মহাপরিচালক। এ সময় তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মাসুদ মিয়া এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক আবদুল জলিল জানান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ৪ এপ্রিল (শনিবার) বিকাল তিনটায় শিকারীকান্দায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
তথ্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচনকালে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহায়তায় গণযোগাযোগ অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানও আয়োজন করেছে। এতে তথ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথি, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল হাসান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।