বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ২০:২৫

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২, জিম্মি ৩ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দু’টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দু’জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়।

আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান আজ ভোর ৬টায় খুলনার দাকোপ থানাধীন বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। 

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে দুইটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ, পাঁচ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দু’জন সক্রিয় সদস্যকে আটক করে। 

আটককৃত ডাকাত মো. সোহাগ হাওলাদার (৩৫) বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা (৪২) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। এছাড়া গত ৩১ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে একটি নৌকাসহ তিনজন জেলেকে জিম্মি করে মুক্তিপন দাবি করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ১ এপ্রিল  বুধবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া এবং স্টেশন কৈখালী একটি অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা একটি নৌকাসহ তিনজন জেলে এবং ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি ওয়াকিটকি চার্জার, তিনটি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।