শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার উদ্বোধন করেছেন।
আজ দুপুরে মিরপুর পিওএম-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্বোধন করেন তিনি। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
২০ তলা আবাসিক ভবনের প্রথম তলা ফোর্সের রান্নাঘর, দ্বিতীয় তলা ডাইনিং স্পেস ও তৃতীয় তলা মেহমানখানা ও ক্যান্টিন এবং চতুর্থ থেকে ৬ষ্ঠ তলা ব্যারাক করা হয়েছে। বাকি তলাগুলো ধাপে ধাপে চালু করা হবে। এতে পুলিশ সদস্যদের আবাসন, খাবার ও অন্যান্য সুবিধা বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।