শিরোনাম

খুলনা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বৈধ কাগজপত্র দেখাতে না পারায় খুলনায় ছয় ড্রাম জ্বালানি তেল পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে তার বাসভবন সংলগ্ন স্থান দিয়ে তিনটি ভ্যানে বহনকৃত ছয় ড্রাম অবৈধ জ্বালানি তেল তিনি পুলিশের হাতে তুলে দেন। সর্বশেষ বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ভ্যানে করে জ্বালানি তেল পরিবহন করতে দেখে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামান এবং বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেল আটক করে পুলিশকে খবর দেন এবং জব্দকৃত ছয় ড্রাম তেলসহ ভ্যান পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বাসসকে বলেন, একটি এজেন্সির মাধ্যমে খুলনার যমুনা ডিপো থেকে ছয় ড্রাম তেল উত্তোলন করা হয়। যিনি উত্তোলন করেছিলেন তার কাগজপত্র রয়েছে। তবে তিনি ওই তেল পুনরায় অপর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। ক্রয়কৃত ব্যক্তি রূপসায় নিয়ে যাচ্ছিল। তারও কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।