বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

রাজধানীতে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার 

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. ফেরদৌস, নুরু বিবি নুর আক্তার, উম্মে কুলসুম, ও অপরাধে জড়িত এক শিশু। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম।  

এ সময় তাদের কাছ থেকে মানব পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।