বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩১

নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ৭৫০ লিটার ডিজেল জব্দ

ছবি : বাসস

নোয়াখালী, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস):জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। এ সময় পেট্রোলিয়াম আইন, অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সারেং কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।