শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন।
রাজধানীর মগবাজারে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনার পাশাপাশি মাথা গোঁজার শেষ আশ্রয়ও হারান ৮০ বছরের বেশি বয়সী নাঈমুদ্দিন। তবে, এবার প্রধানমন্ত্রীর স্থায়ী সহায়তা পাচ্ছেন তিনি।
উচ্ছেদ অভিযান চলাকালে প্রবীণ নাঈমুদ্দিনের কাছে গিয়ে থমকে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে একটি দৈনিকে মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি নাঈমুদ্দিনকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। শুধু ব্যক্তি, সংস্থা বা সংগঠনই নয়; প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, আজ বৃহস্পতিবার, বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন।
এসময় নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।
মিথুন আরো জানান, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে উচ্ছেদ চললেও, মানবিক দিক বিবেচনায় প্রবীণ নাঈমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।