শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক করতে সকল মার্চেন্ট পয়েন্টে বিদ্যমান ‘প্রোপ্রাইটারি কিউআর’ কোডের পরিবর্তে ‘বাংলা কিউআর’ চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার লেটারে জানায়, তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) আগামী ৩০ জুন ২০২৬ এর মধ্যে তাদের সকল মার্চেন্ট পয়েন্টে নিজস্ব কিউআর কোড অপসারণ করে ‘বাংলা কিউআর’ প্রতিস্থাপন করতে হবে।
নির্দেশনায় বলা হয়, ‘বাংলা কিউআর’ চ্যানেলে লেনদেন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মার্চেন্ট পয়েন্টে গ্রাহকদের জন্য ‘বাংলা কিউআর’ দৃশ্যমানভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালাতে হবে।
এতে আরও বলা হয়, ‘বাংলা কিউআর’ ব্যবহৃত মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের ক্যাশ আউট কার্যক্রম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট মার্চেন্টের কিউআর বাতিল করতে হবে। পাশাপাশি এ পদ্ধতির ব্যবহার বাড়াতে মার্চেন্ট ও গ্রাহকপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, এ নির্দেশনা পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ এর ১৮(২) ধারার আওতায় জারি করা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।