বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

চিটাগাং চেম্বার নির্বাচন আবারও স্থগিত

চট্টগ্রাম, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ আবারও স্থগিত করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় চেম্বারের ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘৩ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৪৪ সংখ্যক স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোট গ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো’ বলে জানানো হয়।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চিটাগাং চেম্বার প্রেসিডিয়াম ও পরিচালকরা পদত্যাগ করেন। নিয়োগ করা হয় প্রশাসক। গত বছরের ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। গত ১ নভেম্বর নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছিল।

দুইটি শক্তিশালী প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণাও চালায়। এরপর মামলা, রিট, আইনি জটিলতায় কয়েক দফা নির্বাচনের তারিখ পরিবর্তিত হয়। সর্বশেষ ৪ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড।