শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল , ২০২৬ (বাসস) : গত ২৪ ঘন্টায় বিভিন্ন দেশের জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ২৫ হাজার ১৩২ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৮১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সব অভিযানে ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ পরিচালনা করছেন বলেও জানানো হয়।
কোথাও অনিয়ম লক্ষ্য করা গেলে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে, ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।