বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ২২:৪৪

গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্নের নির্দেশ কেসিসি প্রশাসকের 

ছবি: বাসস

খুলনা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
 
আজ সকাল থেকে তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এ. এন. দাস লেন এলাকায় বিনোদিনী হাসপাতাল থেকে বানিয়াখামার পর্যন্ত ড্রেনের পেড়ি-মাটি উত্তোলন কার্যক্রম, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী রোডে রূপসা পর্যন্ত নির্মাণাধীন ড্রেন প্রকল্প ও ৩১ নম্বর ওয়ার্ডের ত্রেখালী খাল থেকে লবণচরা স্লুইচগেট পর্যন্ত খাল উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এ নির্দেশ দেন।

এসময় খালের পানিপ্রবাহ সচল রাখাসহ কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশও দেন তিনি।

খুলনা মহানগরীতে চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকিতে দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন নজরুল ইসলাম মঞ্জু। 

জনদুর্ভোগ কমাতে তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনগণের দুর্ভোগ লাঘবই এ সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য।

নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে ধারাবাহিকভাবে সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং নাগরিক জীবন হবে আরো স্বস্তিদায়ক।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান ও মো. ওয়াহিদুজ্জামান, কুয়েট-এর কনসালট্যান্ট মো. আবিদ হাসান নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।