শিরোনাম

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ রাজধানীর বছিলা ও মোহাম্মদপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ব্লক-রেইডে ১৪ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার রাতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ফয়সালের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মোহাম্মদপুর থানাধীন মফিউদ্দিন রোডের তিন রাস্তার মোড় এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এছাড়া, বসিলা তিন রাস্তার মোড় এলাকা থেকে আরো ১০ জনকে একই অপরাধে আটক করা হয়।
আটক ১৪ জনকে পরবর্তীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ৮৬/১০০ ধারা অনুযায়ী দণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।