শিরোনাম

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) নারীদের চাকরির সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাকির আহমেদ খান।
তিনি বলেন, পিকেএসএফ-এ একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ বিদ্যমান রয়েছে এবং মেধাবী নারী শিক্ষার্থীদের এ প্রতিষ্ঠানে কাজের প্রতি আগ্রহী করে তুলতে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল পিকেএসএফ ভবন-১-এ কর্মস্থলে যৌন হয়রানি বা নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে পিকেএসএফ-এ কর্মরত নারীদের জন্য গঠিত ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির আহমেদ খান এসব কথা বলেন।
সভায় নারী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পিকেএসএফ ২০১৪ সালে সাত সদস্যবিশিষ্ট ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ গঠন করে, যেখানে দুইজন বহির্সদস্য রয়েছেন। পিকেএসএফ’র সহযোগী সংস্থাগুলোতেও এ ধরনের কমিটি রয়েছে।
সভায় স্বাগত বক্তব্যে পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহে কর্মরত নারীসহ সব কর্মীর জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এ লক্ষ্যে জেন্ডার নীতিমালা বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিয়মিতভাবে গ্রহণ করা হচ্ছে।
নারীবান্ধব কর্মপরিবেশ জোরদারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পিকেএসএফ’র শিশু দিবাযত্ন কেন্দ্রে প্রাক-প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা চালু করা হবে।
পাশাপাশি সেখানে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে কর্মকর্তারা দাপ্তরিক কাজের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে তাদের সন্তানদের পর্যবেক্ষণ করতে পারেন।
এছাড়া পিকেএসএফ ভবনে নারীদের ওয়াশরুমে প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা পিকেএসএফ-এ সহায়ক কর্মপরিবেশ বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পুরুষ সহকর্মীদের প্রশংসা করে ধন্যবাদ জানান।