বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ  গ্রেফতার ৬

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে, দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো— ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)। 

উক্ত এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মঙ্গলবার দিবাগত রাতে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা এ অভিযান চালায়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত ছিল। 

তাদের হেফাজত থেকে ৩৫টি অবৈধ সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, তিনটি চাইনিজ কুড়াল, তিনটি চাইনিজ হাতুড়ি, পাঁচটি শট গান ও ৫টি পাঞ্জা  উদ্ধার করা হয়। 
আজ বুধবার তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।