বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

রাজধানীর বনানী-কাকলী এলাকায় ফুটপাত দখলের দায়ে জরিমানা 

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বনানী-কাকলী এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও রাস্তায় উচ্ছেদ অভিযান চালিয়েছে।

আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রাফিক গুলশান বিভাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে তারা দেখতে পায়, ওই এলাকায় বেশ কিছু  দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে ফুটপাত ব্যবহার করে রান্নার সরঞ্জাম, গ্রিল মেশিন, আসবাবপত্র ও ওয়ার্কশপের যন্ত্রপাতি রেখেছে।

অভিযানে এ সব আসবাবপত্র সরিয়ে ফেলা হয় এবং ঘটনাস্থলেই অবৈধ স্থাপনাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান বলেন, শাস্তির চেয়ে সচেতনতাই মূল লক্ষ্য। 

তিনি আরও বলেন, রাস্তায় পথচারীদের জন্য দখল করা ফুটপাত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

ডিসি বলেন, ফুটপাত পরিষ্কার করার জন্য ব্যবসায়ীদেরকে এক সপ্তাহের নোটিশ দেওয়া হয়েছে।

এডিসি মো. জিয়াউর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই অভিযান চলবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।