বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৩:২৬
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৩:৩৩

জিয়া উদ্যানে বাগেরহাট জেলা প্রশাসকের দোয়া মাহফিল

রাজধানীর জিয়া উদ্যানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এ দোয়া-মাহফিল পরিচালনা করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মো. মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা লিটু শরীফ, শেখ মঈনুদ্দিন আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেন। 

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। 

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম দেশের রাজনৈতিক অঙ্গনে আজও প্রাসঙ্গিক। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।