বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৮:০৮

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

ছবি : সংগৃহীত

গাজীপুর, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : বিএনপির জেলা কমিটির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। 

একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের ফলে জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সচেতন মহল। 

চৌধুরী ইশরাক আহমদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

চৌধুরী ইশরাকের পিতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে, গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।