বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৭:৩০

জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক-ড্রেন উন্নয়ন উদ্বোধন ডিএনসিসির

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস): মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আজ সকালে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজ উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা প্রকল্প আইডিআরআইএসপি-এর আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশাসক জানান, প্রকল্পের আওতায় মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং সড়কের উভয় পাশে আধুনিক ড্রেন ও নর্দমা নির্মাণ করা হবে। এর ফলে বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আগামী ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে।’

ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে মো. শফিকুল ইসলাম খান এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার পর ফুটপাত ও সড়কে অবৈধ দখল বা দোকান বসানো থেকে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এছাড়া, একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় রোধে সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে কাজ পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। প্রতিদিন কাজের অগ্রগতি তদারকি ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের মান ও গতি নিশ্চিত করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বেগম রোকেয়া সরণি এলাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।