বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৭:২৭

রাজধানীর পল্লবীতে পুলিশের লুন্ঠনকৃত শর্টগানসহ কার্তুজ ও গুলি উদ্ধার

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস): পুলিশের লুন্ঠনকৃত একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

সোমবার রাতে পল্লবী থানার আলীনগর সাগুফতা হাউজিং'র নির্মাণাধীন বিল্ডিং থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, পল্লবী থানার আলীনগর সাগুফতা হাউজিং-এর নির্মাণাধীন বিল্ডিংয়ের ২য় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে আছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পল্লবী থানা পুলিশের একটি টিম ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠনকৃত একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।