বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:২২

অবৈধ মজুতকৃত প্রায় ৩ লাখ লিটার জ্বালানি উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : সারা দেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব জ্বালানি উদ্ধার করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। 

এর মধ্যে ডিজেল ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার ও পেট্রোল ৬০ হাজার ২ লিটার রয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, অবৈধ মজুদ, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। 

নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় জ্বালানি বিভাগ।

বিভাগটি আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।