বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১১:১৬

পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।ফাইল ছবি

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ধর্মমন্ত্রী বলেন, আবু তাহের কাসেমি নদভী দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

মাওলানা আবু তাহের কাসেমি ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, তিনি সোমবার দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।