বাসস
  ৩১ মার্চ ২০২৬, ০০:১৮

মজুতকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি

ছবি; সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : গাজীপুরের কোনাবাড়িতে বন্ধ থাকা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কোনাবাড়ির বাইমাইল এলাকায় 'তেল নেই' অজুহাতে বন্ধ রাখা মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অক্টেন উদ্ধার করে বিজিবি।

গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ৮টার দিকে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) একটি অভিযানিক দল মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

প্রাথমিকভাবে জানা যায়, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রয় বন্ধ রাখা হয়েছিল, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বলে প্রতীয়মান হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট পাম্পের ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুত ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ।

এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।