বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৭:১৮

সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

ফাইল ছবি

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন নিপীড়নের জন্য দেশীয় অস্ত্রসহ বিদেশি আগ্নেয়াস্ত্রের সজ্জিত হয়ে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামি মো. আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশে ঘটনাস্থলের বিভিন্ন দিক হতে নির্বিচারে এলোপাথাড়ি গুলি চালায়। এর ফলে ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার স্বার্থে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেয়া হয়। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। সন্দিগ্ধ আসামি আফজাল নাছের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়।

উল্লেখ, ভিকটিম দেলোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী লিজা ২০২৫ সালের ৬ জুলাই বাদি হয়ে মামলা দায়ের করেন।