বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৬:৫৭

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জে প্রায় ২০১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। 

এ সময় সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২০০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ কোটি ৭২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭০৮ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জালসমূহ লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।