বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৬:৫২

ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টর, অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা উৎসবের প্রস্তুতি গ্রহণের জন্য চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, উৎসবটি সফল করতে ইতোমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এবারের বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এ আয়োজনে সবার সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।