বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৫:৩০

২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

মানিকগঞ্জ, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে নদীপথে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়ার উন্নতি হওয়ায় ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর সকাল ৬ টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

এই সময়ে শাহ পরান, খান জাহান আলী, কেরামত আলী, শাহ মকদুম, হাসনা হেনা, গোলাম মওলা ও বনলতা নামের সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে, ঢাকা ও বীরশ্রেষ্ঠ মতিউর দৌলতদিয়া ঘাটে এবং শাহ এনায়েতপুরী ও ভাইগর নামের দুটি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই হয়ে পদ্মা নদীর মাঝখানে নোঙর করে ছিল।  

বিআইডব্লিউটিসি সূত্র আরও জানায়, এখন সব ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে স্বাভাবিকভাবে চলাচল করছে।