শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)।
রোববার রাজধানীর শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে মোট দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরো জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেয়। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরো কয়েকজন সহযোগী প্রবেশ করে তাকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল দুই সদস্য গাফ্ফার সরকার ও শিরিন আক্তার ওরফে সুমাইয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।