বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১১:৫৭

লালবাগ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯, ১৭ জনের কারাদণ্ড

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): গত ২৪ ঘণ্টায় কামরাঙ্গিরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ জনকে খালাস এবং ১ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

রোববার লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে ১০ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক জনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।