বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৯:৪৬
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২০:৪০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি প্রধান হলেন ড. আকনুর রহমান

ড. মো. আকনুর রহমান। ছবি : বাসস

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ’ (এপিডি) অনুবিভাগের প্রধান পদে অতিরিক্ত সচিব ড. মো. আকনুর রহমানকে পদায়ন করেছে সরকার। 

আজ রোববার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়। 

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য যোগদানকৃত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে (পরিচিতি নম্বর-৬৬৩১) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এপিডি অনুবিভাগে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে সরকারের স্থানীয় সরকার বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে একজন জাতীয় পর্যায়ের স্বীকৃত প্রশিক্ষক এবং আন্তর্জাতিক সংস্থা ‘দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই’ (সিআইপিএস)-এর একজন সদস্য।