বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৯:০৪

জ্বালানি ব্যবহারে ৫০ শতাংশ সাশ্রয়ের সিদ্ধান্ত পিকেএসএফের

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : বিশ্ব বাজারে জ্বালানি তেলের অস্থিরতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জ্বালানি ব্যবহার ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পিকেএসএফ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সকল প্রাধিকারভুক্ত কর্মকর্তার জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

আজ রোববার পিকেএসএফ এর সহকারী মহাব্যবস্থাপক (কমিউনিকেশন) সুহাস শংকর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং যথাসম্ভব বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসবের অংশ হিসেবে পিকেএসএফ-এর সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ঢাকা এবং ঢাকার বাইরে দাপ্তরিক কাজে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করবেন।

এ ছাড়া অফিস ভবনে সীমিত মাত্রায় এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার এবং বিদ্যুৎ ব্যবহারে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।