বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৯:০২

ডিপিডিসির সাবেক ব্যবস্থাপক হুজ্জাত উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-র ব্যবস্থাপক (প্রশাসন) হুজ্জাত উল্লাহ ও তার স্ত্রী মাহমুদা খাতুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ ২০২৪ সালের ৮ জুলাই দায়ের করা মামলার তদন্ত শেষে এ চার্জশিট দেওয়া হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন এবং এজাহারকারী কর্মকর্তা ছিলেন সাবেক পরিচালক (বর্তমানে পিআরএল ভোগরত) সেলিনা আখতার।

তদন্তে দেখা যায়, আসামি মাহমুদা খাতুনের নামে দায়-দেনা বাদে নিট সম্পদের পরিমাণ ৩৫ লাখ ৭৪ হাজার ৬৮১ টাকা। এছাড়া ২০০৪-০৫ করবর্ষ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ২৭ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা। ফলে তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬৩ লাখ ৯ হাজার ১৭৩ টাকা।

অন্যদিকে, তদন্তে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় মাত্র ১৩ লাখ ৬৬ হাজার ৩৭২ টাকা। এতে করে তার আয় অপেক্ষা অতিরিক্ত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৯ লাখ ৪২ হাজার ৮০১ টাকা, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দুদক আরও জানায়, মাহমুদা খাতুন এই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মধ্যে ৮ লাখ ১১ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া তার স্বামী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-র ব্যবস্থাপক (প্রশাসন) হুজ্জাত উল্লাহ ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তার স্ত্রীকে এ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

এ প্রেক্ষিতে, দুদক জানায়, উভয় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ রোববার অভিযোগ করেছেন, মুখে কূটনীতির কথা বললেও যুক্তরাষ্ট্র গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যে প্রায় ৩,৫০০ সেনা বহনকারী একটি মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছানোর পর তিনি এ অভিযোগ করলেন।

এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর এবং সোমবার আঞ্চলিক গুরুত্বপূর্ণ পক্ষগুলোর মধ্যে আলোচনার আগে গালিবাফ এ মন্তব্য করেন।

এই যুদ্ধ এখন আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালানোয় জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিশ্ব অর্থনীতির ওপরও হুমকি তৈরি হয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’তে প্রকাশিত এক বিবৃতিতে কালিবাফ বলেন, ‘শত্রু একদিকে প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা দিচ্ছে, অন্যদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যোদ্ধারা মাটিতে মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় আছে, তাদের ধ্বংস করে দিতে এবং আঞ্চলিক মিত্রদের চূড়ান্তভাবে শাস্তি দিতে।’

প্রায় ৩,৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর আক্রমণ জাহাজ ইউএসএস ত্রিপোলি শুক্রবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

পেন্টাগন কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। এতে খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো মোতায়েন অনুমোদন দেননি।

ইরান বলছে, তারা কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে—যা বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশের জন্য গুরুত্বপূর্ণ।

ট্রাম্প বারবার ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের কথা বললেও তেহরান তা অস্বীকার করেছে।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগিরই বৈঠক হতে পারে এবং ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ‘সমস্যার সমাধান করতে পারে’।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান সোমবার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এ সংকট নিয়ে আলোচনা আয়োজন করবে।

‘পুরো তেহরান কেঁপে উঠেছিল’

রোববার ভোরে তেহরানে দুটি বিস্ফোরণে শহর কেঁপে ওঠে বলে এএফপির এক সাংবাদিক জানান। তবে লক্ষ্যবস্তু কী ছিল, তা স্পষ্ট নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি জানিয়েছে, একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র শহরে তাদের কার্যালয় থাকা ভবনে আঘাত হানে।

ভবনের ভেতরের ভিডিওতে ভাঙা জানালা ও ছড়িয়ে থাকা কাচ দেখা যায়। বাইরে সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে এবং আশপাশের ভবনে ক্ষয়ক্ষতি দেখা গেছে।

তেহরানের এক শিল্পী এএফপিকে বলেন, ‘শান্ত একটি রাতের ঘুমকে আমি মিস করি। রাতের হামলাগুলো এতটাই তীব্র ছিল যে মনে হয়েছে পুরো তেহরান কেঁপে উঠছে।’

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের ৬২ বছর বয়সী ফারজানেহ প্যারিস থেকে এএফপিকে বলেন, ‘মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় থাকে।’

তিনি বলেন, ‘আজকের বিশ্বে, এমনকি ভবিষ্যতেও, যুদ্ধ কোনো সমস্যার প্রকৃত সমাধান নয়। কেউই আসলে যুদ্ধ চায় না।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন-ইসরাইলি হামলায় হরমুজ প্রণালীর কাছে বন্দর শহর বান্দার খামিরের একটি জেটিতেও আঘাত হানা হয়েছে।

গালিবাফ রোববার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশটি এখন ‘একটি বড় বৈশ্বিক যুদ্ধের’ মধ্যে রয়েছে, যা ‘সবচেয়ে সংকটময় পর্যায়ে’ পৌঁছেছে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত—আমরা যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে পারব, ইরানে হামলার জন্য তাদের অনুতপ্ত করব এবং আমাদের ন্যায্য অধিকার দৃঢ়ভাবে নিশ্চিত করব।’

উপসাগরে শিল্প খাতে হামলা

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা রবিবার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের দুটি বৃহৎ অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্ট শিল্প হিসেবে বর্ণনা করেছে।

এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) জানিয়েছে, ইরানের হামলায় ছয়জন আহত হয়েছেন এবং তাদের কারখানায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা)-এর দুই কর্মী আহত হয়েছেন।

সংঘাত আরও বিস্তারের আশঙ্কার মধ্যে, ইয়েমেনের হুথিরা শনিবার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হামলার দাবি করে—তারা ইসরাইলে কৌশলগত স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

এর ফলে লোহিত সাগরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি আরব হরমুজ এড়িয়ে তাদের তেলের বড় অংশ ওই পথ দিয়ে সরিয়ে নিচ্ছে।

গাজায় ইসরাইলের সাম্প্রতিক যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়েছিল, ফলে কোম্পানিগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে চলতে বাধ্য হতে হয়েছিল।

ইরানের প্রতিবেশী ইরাকও ক্রমেই এই সংঘাতে জড়িয়ে পড়ছে।

সিরিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইরাক থেকে চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে, যা একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ছিল। এর আগে ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো একাধিক হামলার দায় স্বীকার করেছে।

তিন সাংবাদিক নিহত

অন্যদিকে, লেবাননেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলে রকেট নিক্ষেপের পর দেশটি এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী তিন সাংবাদিককে হত্যা করে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালামসহ কর্তৃপক্ষ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা জানিয়েছেন।

বৈরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন।

রোববার ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের এক সৈন্য নিহত হওয়ার কথাও জানিয়েছে।

বৈরুতের উত্তরে একটি কারিগরি প্রতিষ্ঠানে বাস্তুচ্যুত মা নাসিমা ইসমাইল সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তার সন্তানদের সেবামূলক কার্যক্রমে নিবন্ধন করিয়েছেন, কারণ যুদ্ধের কারণে লাখো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, ‘আমি চাই, আমাদের কিছুই না থাকলেও তারা পড়াশোনা শেষ করুক।’

‘আমি চাই তাদের দিনগুলো আমাদের চেয়ে ভালো হোক।’