বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৮:৫৬

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ আটক ১০

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
 
আজ রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টায় চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। 

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।