বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৮:১১
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৮:১৬

মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কোলাজ: বাসস

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : গুমের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও চব্বিশের জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী সাত এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এসময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর  গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে এদের দুজনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল তাদের ৭ এপ্রিল হাজিরের নির্দেশ দেন।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অন্যদিকে, মানব পাচার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।