বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৩:৪৬
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৩:৫৬

রাজশাহীতে জ্বালানি তেল মজুদ-পাচার রোধে নজরদারি বৃদ্ধি বিজিবির

রাজশাহীতে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে টহল কার্যক্রম বৃদ্বি করেছে বিজিবি। ছবি: বাসস

রাজশাহী, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহীতে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি। 

আজ রোববার দুপুরে রেলস্টেশনের পাশে একটি তেল ডিপোতে অনুষ্ঠিত সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

সম্মেলনে তিনি বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী ব্যাটলিয়ন সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে জ্বালানি পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরালো করেছে।

তিনি আরও বলেন, রাজশাহী জেলায় তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পদ্মা অয়েল পিএলসি রাজশাহী, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হরিয়ান এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড রাজশাহী ডিপোতে গত ২৫ মার্চ থেকে ব্যাটালিয়ন কর্তৃক তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোতে বিজিবি সদস্যগণ সার্বক্ষণিক উপস্থিত থেকে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদানপ্রদান নিশ্চিত করছে। 

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, রাজশাহী জেলার দায়িত্বপূর্ণ এলাকার তিনটি ডিপো থেকে সর্বমোট ৬৪টি পেট্রোল পাম্পে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ করা হয়, যার মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি পেট্রোল পাম্প রয়েছে। সেখানেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের জন্য বিজিবি বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে। 

এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৯২টি বিশেষ টহল ও তল্লাশি অভিযান ছাড়াও ২১৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে যাতে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার হতে না পারে। 

নৌপথে পাচার রোধে স্পিডবোটের মাধ্যমে গত ২৫ তারিখ থেকে ৪৮টি নিয়মিত নৌ-টহল পরিচালনা করে সার্বক্ষণিক নজরদারি জারি রাখা হয়েছে।