বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৮:৫৮

কোস্ট গার্ড ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : কক্সবাজারে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা থেকে একটি কাভার্ডভ্যানে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে গমন করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ সকাল সাড়ে ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে প্রস্তুতকৃত গোপন চেম্বারের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, মায়ানমার হতে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড উক্ত এলাকায় রাডার নজরদারি ও বিশেষ টহল বৃদ্ধি করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মিয়ানমার থেকে সন্দেহজনক একটি ফিশিং বোট শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশকালে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী উক্ত এলাকায় অভিযান চালিয়ে বোটটি আটক করে। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও কাভার্ডভ্যান এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।