শিরোনাম

রংপুর, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): রংপুর নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় এই ঝটিকা মিছিল বের করেন তারা।
আত্মগোপনে থাকা রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভের ফেসবুক আইডি থেকে তা প্রচার করা হয়। এটি মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি হয়েছে বলে ফেসবুকে জানান তিনি।
ভিডিওতে দেখা যায়, দুই একজনের মুখে মাস্ক থাকলেও বাকিরা মাস্ক ছাড়া। ব্যানার না থাকলেও মহানগর ছাত্রলীগের পক্ষে শ্লোগান দিতে দেখা যায় তাদের। নিষিদ্ধ ছাত্রলীগের ওই ঝটিকা মিছিলে ১০-১২ জন নেতাকর্মী অংশ নেন।
এদিকে মিছিলের ভিডিও প্রকাশ্যে আসার পর রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুরভি উদ্যান থেকে হৃদয় নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি নজরে এসেছে। একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।