শিরোনাম

ফরিদপুর, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): ভালো মানুষদের বেশি করে রাজনীতিতে আসতে হবে। তাহলেই কেবল রাজনীতি থেকে খারাপ মানুষরা বিতাড়িত হতে পারে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল এসব কথা বলেছেন।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদির চেয়ারম্যান বাড়িতে ‘অ্যাডভোকেট ছরোয়ারজান মিয়া ও আক্তারুজ্জামান মন্নু মিয়া স্মৃতি পরিষদ’ আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে মো. শহিদুল ইসলাম খান বলেন, ভালো মানুষদেরকে বেশি-বেশি করে রাজনীতিতে আসতে হবে। এই পরিবারটি ভাঙ্গার একটি ঐতিহ্যবাহী পরিবার। প্রয়াত অ্যাডভোকেট ছরোয়ারজান মিয়া এখানে বিএনপির গোড়াপত্তন করেছিলেন। আমরা সকলে মিলে সেটাকে বিকশিত করার চেষ্টা করছি এবং আমাদের আগামী প্রজন্ম এটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।
তিনি বলেন, একটা প্রজাপতি কয় মাস বাঁচে? কিন্তু এক জীবনে রঙ-বেরঙের একটা ঝলকানি দিয়ে যায়। আমাদের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ হয়ে এসেছিলেন। যিনি ধুমকেতুর মত এলেন, দেখলেন এবং জয় করলেন। যিনি এক বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ রেখে গেলেন। বিস্ময়কর এক জাতীয়তাবাদী দল তৈরি করলেন। বাংলাদেশের এমন কোন জনপদ নাই যেখানে তার দলের মানুষ নাই।
শহিদুল ইসলাম খান বলেন, মাদকের ভয়াবহতায় আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। সবকিছু পুলিশ পারবে না, প্রধানমন্ত্রী একা পারবে না। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে আমাদের এবং পুলিশকে তথ্য দিবেন। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খান; অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা; উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম; সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু; উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ; সাধারন সম্পাদক কামরুল হাসান; সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(রোমিও); সহ-সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান মিয়া; অ্যাডভোকেট ছরোয়ারজান মিয়া ও আক্তারুজ্জামান মন্নু মিয়া পরিবারের সদস্য মো. সাহিদুজ্জামান মিয়া; মো. ওয়াহিদুজ্জামান মিয়া; ডা. তানসিভ জুবায়ের নাদিম এবং ডা. মো. সাইফুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মামুনুর রশিদ।