শিরোনাম

বাগেরহাট, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলায় জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এবং রূপসায় বিসিজিএস তৌহিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাহাজ দুটি উন্মুক্ত রাখা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে জাহাজসমূহ পরিদর্শনের জন্য স্থানীয় এলাকাসহ আশপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু উপস্থিত হন। এ আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণ কোস্টগার্ডের জাহাজ ও তাদের বহুমুখী কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পান।
ব্রিফিং কর্মকর্তা কমান্ডার শাহ কামরুজ্জামান জানান, আগত দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নাবিকরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এর ফলে কোস্টগার্ডের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও জানান, কোস্টগার্ডের জাহাজসমূহ গভীর সমুদ্র, উপকূলীয় এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে থাকে। দর্শনার্থীদের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল অব্যাহত রেখেছে। এর ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে।