শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : নারী শিক্ষায় খালেদা জিয়ার নানা অবদান জনসাধারণের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি আইনজীবী সাহিদুর রহমান (সাহিদ) ও সাংবাদিক শাহেদ শফিক।
প্রাথমিকভাবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, মাদরাসা, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া : বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ বইটি বিতরণ করা হবে।
আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে। পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বইটিতে নারী শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে খালেদা জিয়ার বিভিন্ন অবদানের সচিত্র তথ্য তুলে ধরা হয়েছে। চার বছরের বেশি সময় ধরে অনুসন্ধান করে লেখক বইটি লিখেছেন।
বইটির ব্যাপারে শাহেদ শফিক জানান, দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব সোর্স থেকে তথ্যানুসন্ধান করে বইটি লেখা হয়েছে।
তিনি আরো বলেন, বটিতে তুলে ধার হয়েছে— বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সম্প্রসারণে যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ বেগম জিয়ার সে সব উদ্যোগকে মডেল হিসেবে গ্রহণ করে বাস্তবায়ন করেছে।
আইনজীবী সাহিদুর রহমান জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার তার অবদানগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। সে জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।